তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তবে এটিই চূড়ান্ত নয় এবং মজুরি বোর্ডের সভা এখনো চলমান বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করছেন।
বৈঠকের বিষয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, 'আলোচনা এখনো চলমান। আজ রাত নয়টা পর্যন্ত আলোচনা চলবে। আমরা চেষ্টা করব, আজকের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত করতে। উভয় পক্ষ এখন তৃতীয় দফা তাদের সংশোধিত প্রস্তাব জমা দেবে এবং এর উপর আলোচনা চলবে।'
তিনি আরও বলেন, 'আমরা প্রত্যেক পক্ষ থেকেই বিশেষজ্ঞ ডেকেছি। ওনারা আছেন, তথ্য-উপাত্ত দিচ্ছেন। আমরা চেষ্টা করব আজকেই মজুরি চূড়ান্ত করতে।'
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।
এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়েছিল।
মজুরি বোর্ডের সামনে শ্রমিক প্রতিনিধিদের বিক্ষোভ
এদিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। মঙ্গলবার মজুরি বৈঠক চলাকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
অন্যদিকে একই সময়ে বিকেল সোয়া ৪টায় শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের অভ্যন্তরে সভা চলছিল। সভার অগ্রগতি নিয়ে বিকেলে বোর্ডের সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।














